রাজধানীর গুলশানে কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কার্যালয়ে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছেন ভ্যাট গোয়েন্দার সদস্যরা। ভ্যাট ফাঁকির প্রমাণ সাপেক্ষে গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা হয়েছে। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন পণ্য বিক্রি থেকে পাওয়া কমিশনের ওপর আরোপিত ভ্যাট যথাযথভাবে জমা দেয় না ই-অরেঞ্জ। প্রতিষ্ঠানটি বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গত ৮ জুন ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ভ্যাট সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপন করেন। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে তল্লাশি করে হিসাব বিবরণী জব্দ করা হয়। এতে দেখা যায়, একটি নির্দিষ্ট মেয়াদে পণ্য বেচাকেনার ওপর ই-অরেঞ্জ ৩ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার ৪৯৫ টাকা কমিশন লাভ করে। কমিশনের ওপর ৫ শতাংশ হারে নির্ণীত ভ্যাটের পরিমাণ ১৯ লাখ ৩৯ হাজার ৯২৪ টাকা হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ৬ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা পরিশোধ করেছে।
অনলাইন শপিং প্রতিষ্ঠানটি প্রকৃত বিক্রয় তথ্য গোপন করেছে। এতে ১৩ লাখ ১৬ হাজার ১৫৮ টাকা ভ্যাট ফাঁকি হয়েছে।