পা পিছলে নদীতে ডুবে যুবকের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঘাঘট নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ লাদেন মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লাদেন মিয়া উপজেলার ভাংনী ইউনিয়নের ফতেপুর গ্রামের হাকিম মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকাল ৮টার দিকে বাড়ির পাশে ঘাঘট নদীতে মাছ ধরতে যায় লাদেন মিয়া। এ সময় নদীতে বালু তোলার পয়েন্টে পা পিছলে ডুবে যান তিনি। সেখানে গভীরতা বেশি হওয়ায় অনেক চেষ্টার পরেও তাকে খুঁজে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল পৌনে ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাঘট নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।