বর্ষাকালে বাগানের যত্ন

ছাদে হোক বা বারান্দায়, বাগান করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাছ যেন বর্ষার অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্ত না হয়। এ সময় করণীয়

পরিষ্কার : ব্যালকনি, ছাদ, লন যেখানেই গাছ লাগান না কেন বাগানের মাটি থেকে শুরু করে গাছ সবকিছুই পরিষ্কার রাখতে হবে।

টবে পানি : টবে পানি জমতে দেবেন না। এতে এডিস মশা বিস্তার লাভ করতে পারে। এ সময় ডেঙ্গু রোধে আরও বেশি সতর্ক থাকতে হবে।

জৈব সার তৈরি : গাছের পচা বা হলুদ পাতা একটা পাত্রে জড়ো করুন। সেখান থেকে জৈব সার তৈরি করুন।

শ্যাওলা : অনেক সময় টবের ওপরের স্তর সবুজ শ্যাওলায় ঢেকে যায়। এই শ্যাওলা অক্সিজেন গাছের গোড়ায় পৌঁছাতে দেয় না। গাছের বৃদ্ধি রোধ করে। তাই শ্যাওলার অংশটুকু খুঁচিয়ে তুলে ফেলে দিতে হবে।

ইট বা পাথর দিয়ে ঘেরাও : বাড়ির সামনে বা ছাদে বাগান হলে এই অংশটুকু আলাদা করে ইট বা পাথর দিয়ে বাগানের সীমানা নির্দিষ্ট রাখুন। তাহলে বাকি অংশে সেই মাটি বা কাদা ছড়িয়ে নোংরা হবে না।

গাছের সাপোর্ট : বৃষ্টির দাপটে অনেক সময়ে গাছ ভেঙে যায়। তাই দুর্বল গাছের চারপাশে কাঠি পুঁতে দড়ি দিয়ে বেঁধে ওদের সাপোর্ট দিতে পারেন। লতানো গাছ মাচায় তুলে দিন।

কীটনাশক : বর্ষায় নতুন গাছের পাতার রস খাওয়ার জন্য পোকাদের আক্রমণ হয়। এ সমস্যা রোধে প্রাকৃতিক কীটনাশক হিসেবে নিমের তেল, গোলমরিচ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন গাছের গোড়ায়। এতেও কাজ না হলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে।