রোহিতের পর পুজারা-কোহলির ব্যাটে লড়াই করছে ভারত

ভারত হেডিংলি টেস্ট বাঁচাতে পারবে কিনা তা সময় বলে দেবে। তবে ইংলিশ বোলারদের বিপক্ষে লড়াইটা চালিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২১৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ভারত। মাটি কামড়ানো ব্যাটিংয়ে সফরকারীদের লড়াইয়ে রেখেছেন চেতশ্বর পুজারা ও বিরাট কোহলি।

তার আগে ইংলিশ পেসারদের দমিয়ে রেখে ভারতকে স্বস্তিতে রাখেন রোহিত শর্মা। ১৫৬ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৯ রান করে ওলি রবিনসনের বলে এলবিডব্লিউর শিকার হন এই ওপেনার =। আরেক ওপেনার লোকেশ রাহুলও (৮) চেষ্টা করেছিলেন উইকেটে টিকে থাকতে। ৫৪ বল খেললেও কোনো বাউন্ডারি মারা চেষ্টা করেননি তিনি।

কিন্তু দলীয় ৩৪ রানে ক্রেইগ ওভারটনের বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর গ্লাভসে বন্দী হন রাহুল। এরপর দ্বিতীয় উইকেটে পুজারাকে নিয়ে ১৭৩ বলে ৮২ রানের জুটি গড়েন রোহিত।

৩৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। সেই ব্যবধান এখন তারা কমিয়ে এনেছে ১৩৯ রানে। চতুর্থদিন ব্যাটিংয়ে নামবেন পুজারা ও কোহলি। দুজনে গড়েছেন ১৯৬ বলে ৯৯ রানের জুটি। 

তৃতীয় দিনে সফরকারীদের ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখেন পুজারা। ২০ ইনিংস পর সেঞ্চুরির সামনে তিনি। তার মধ্যে ১২ ইনিংস পর ফিফটির দেখা পেলেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। ১৮০ বলে ১৫ চারে ৯১ রানে অপরাজিত আছেন পুজারা। তাকে সঙ্গ দিচ্ছেন কোহলি। ৯৪ বলে ৬ চারে ৪৫ রান করেছেন ভারত অধিনায়ক।

ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৭৮ রানে। জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৪৩২ রান। ৮ উইকেটে ৪২৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে স্বাগতিকেরা। স্কোরবোর্ডে আর মাত্র ৯ রান জমা পড়তেই শেষ ২ উইকেট হারায় ইংল্যান্ড।

দুই দলের পাঁচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। ব্যবধানটা ১-১ করতে তৃতীয় টেস্ট জিততে হবে ইংলিশদের।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস: ৭৮/১০ (৪০.৪ ওভার) রোহিত ১৯, রাহানে ১৯; অ্যান্ডারসন ৩/৬, ওভারটন ৩/১৪

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৩২/১০ (১৩২.২ ওভার) রুট ১২১, মালান ৭০; শামি ৪/৯৫, বুমরাহ ২/৫৯

ভারত দ্বিতীয় ইনিংস: ২১৫/২ (৮০ ওভার) পুজারা ৯১, রোহিত ৫৯, কোহলি ৪৫; ওভার ১/৩৫, রবিনসন ১/৪০