বজ্রপাত থেকে রক্ষায় সাভার ডেইরি ফার্মে তালের চারা রোপণ

মুজিব বর্ষ ২০২১ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাভার ডেইরি ফার্মে বিশেষ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ সময় বজ্রপাতের প্রকোপ কমানোর লক্ষ্যে পাঁচ শতাধিক তাল গাছের চারা রোপণের পাশাপাশি এক হাজার ফলজ, বনজ এবং ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

বুধবার সকালে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভারে এ বিশেষ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের ঢাকার পরিচালক (উৎপাদন) মো. জহির উদ্দিন মিঞা।

এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক এস.এম.আউয়াল হক ছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ  অধিদপ্তরের ঢাকার পরিচালক (কৃত্রিম প্রজনন) ডা. ভবতোষ কান্তি সরকার, সাভার ডেইরি ফার্মের বায়ার অফিসার মো. সাইফুল ইসলাম, ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. আব্দুল মোত্তালেব, উপপরিচালক কৃত্রিম প্রজনন ও গবেষণাগার ডা. এ, জে, এম সালাহ্ উদ্দিন, সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের উপপরিচালক ডা. মো. আবুল কালাম আজাদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক এস.এম.আউয়াল হক বলেন,  সম্প্রতি বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানুষ ও সরকারি গরু রক্ষার্থে ডেইরি ফার্ম এলাকায় পাঁচ শতাধিক তাল গাছের চারা রোপণের উদ্যোগ নেয় হয়েছে।

এরই প্রেক্ষিতে বুধবার বজ্রপাতের প্রকোপ কমানোর লক্ষ্যে তাল গাছের চারা রোপণ শুরু করা হয়েছে।

এর পাশাপাশি ডেইরি ফার্ম এলাকায় এক হাজার ফলজ, বনজ ও ভেষজ গাছের চারাও রোপণ কর হয়েছে।