টেকনাফ সৈকতে ভেসে এল মৃত তিমি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্র সৈকতে একটি মৃত তিমি ভেসে এসেছে।

শুক্রবার মধ্যরাতে টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্ত লাগোয়া বাহারছড়া সমুদ্র সৈকতে মৃত তিমিটি ভেসে আসে।

এর আগে গত এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্ট এবং হিমছড়ি পয়েন্টে দুইটি মৃত তিমি ভেসে এসেছিল।

টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, স্থানীয়দের কাছে একটি অর্ধগলিত মৃত তিমি ভেসে আসার খবরে রাতেই প্রশাসন, বনবিভাগ ও মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যায়।

২৬ ফুট তিমিটির দৈর্ঘ্যের শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে, তিমিটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে। রাতে জোয়ারের সময় তিমিটি ভেসে এসে সৈকতে আটকা পড়ে।

রাতেই উপজেলা মৎস্য বিভাগ এবং বনবিভাগের সংশ্লিষ্টরা মৃত তিমিটির নমুনা সংগ্রহ করেছেন।

এরপর সৈকতের অদূরে তিমিটিকে মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানান ইউএন্ও।