তালেবানকে এখনই স্বীকৃতির বিষয় ভাবছে না যুক্তরাষ্ট্র ও মিত্ররা

তালেবান সরকারকে দ্রুত স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনই ভাবছে না যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের এমনটা জানিয়েছেন।

তিনি বলেন, আগামী সপ্তাহে সৈন্য প্রত্যাহার শেষ হওয়ার পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি থাকবে কিনা সে বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত নেননি।

সাকি বলেন, ‘আমি স্পষ্ট করতে চাই- যুক্তরাষ্ট্র কিংবা আন্তর্জাতিক অংশীদার যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কারও এ ধরনের স্বীকৃতি দেওয়ার কোনো তাড়া নেই।’

এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, আফগান ভূমিকে সন্ত্রাসের ঘাঁটি না বানালে এবং মানবাধিকার বিশেষ করে নারীদের প্রতি শ্রদ্ধা দেখালে ভবিষ্যৎ তালেবান সরকারকে তারা স্বীকৃতি দিতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, তালেবান যুক্তরাষ্ট্রকে বাকি আমেরিকান সৈন্য প্রত্যাহারের পর কাবুলে মার্কিন কূটনীতিক উপস্থিতি বজায় রাখতে বলেছে।

তিনি বলেন, তালেবান নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছে। কিন্তু এসব আসলে কথার কথা। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়াশিংটনের আরও আশ্বাসের প্রয়োজন হবে।