সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সমাহিত হলেন কিশোরগঞ্জের সাবেক সাংসদ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় নিজ গ্রামে পিতামাতার কবরের পাশে সমাহিত হলেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আওয়ামী লীগের দুবারের সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক (৭৬)।

শনিবার বাদ জোহর করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা, গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় ও মরহুমের নিজ গ্রাম গুজাদিয়ার নামাপাড়া গ্রামে তৃতীয় জানাজার নামাজ শেষে প্রবীণ এ রাজনৈতিককে সমাহিত করা হয়।

জানাজায় কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, মরহুমের ছোট ভাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারী এম সানাউল হকসহ হাজারো মানুষ অংশ নেন। 

এরা আগে জেলা আওয়ামী লীগ, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা প্রয়াত ড. মিজানুল হকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শুক্রবার সন্ধ্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।