চসিকের পরিচ্ছন্নতা বিভাগ নিয়ে মেয়রের ক্ষোভ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা বিভাগে দক্ষ ও যোগ্য জনবলের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, ‘বাড়তি ও অপ্রয়োজনীয় জনবল যেমনি রয়েছে তেমনি প্রয়োজনীয় ও অত্যাধুনিক সরঞ্জামেরও অভাব রয়েছে পরিচ্ছন্নতা বিভাগে।’

গতকাল রবিবার সকালে চসিকের পুরনো নগর ভবনের কে.বি আবদুচ সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত চসিকের ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের ৭ম সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, মশক নিধনে আগে যেই ওষুধগুলো ছিটানো হতো, তার কার্যকারিতা নিয়েও প্রশ্ন থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগকে পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়ার পর তারা যে প্রতিবেদন পেশ করেছে সেই ভিত্তিতেই চট্টগ্রাম নগরীতে মশক নিধন কার্যক্রম চলমান থাকবে। নগরীর নালা-নর্দমা-খাল সংস্কারের জন্য ২ হাজার ৫শ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করি তা অনুমোদিত হবে।