২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ, মৃত্যু অথবা কারাবরণ; তিনটি ছাড়া আর কোনো পথ খোলা নেই ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারোর সামনে। গত শনিবার দেশটির ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন বোলসোনারো নিজেই।
২০২২ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির ব্যবহার নিয়ে চরম আপত্তি রয়েছে বোলসোনারোর। এ কারণে আগামী নির্বাচনে ফল প্রত্যাখ্যান করার হুমকিও দিয়েছেন তিনি। পাশাপাশি ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি তুলে আসছেন। বোলসোনারোর ভাষ্য, ইলেকট্রনিক ব্যালট ভোট কারচুপির কারণ হতে পারে।
এসব দাবির প্রেক্ষাপটে বৈঠকে ধর্মীয় নেতাদের সামনে ওই মন্তব্য করেন বোলসোনারো। পরে অবশ্য কারাবরণের বিষয়টি নাকচ করে দেন সাবেক এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, এই বিশ্বে এমন কেউ নেই, যিনি কিনা তাকে হুমকি দিতে পারে। এর আগে গত বুধবার ব্রাজিলের নির্বাচনী আদালত জানায়, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতেই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এতে সমস্যার কিছু নেই। ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের কোনো আলোচনাকে খারিজ করে দেয় আদালত।