আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) এক সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
রবিবার সন্ধ্যার দিকে প্রথমে কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে আকাশে কালো ধোঁয়া উড়তেও দেখা যায়।
তাৎক্ষণিকভাবে কেউ কেউ ওই ঘটনাকে রকেট হামলা ভাবলেও পরে মার্কিন বাহিনী জানায়, ইসলামিক স্টেটের আফগান শাখা আইএস-খোরাসানের সন্দেহভাজন অবস্থান লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ওই হামলায় ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। নিশানা ছিল আত্মঘাতী এক বোমা হামলাকারীর গাড়ি। কাবুল বিমানবন্দরে হামলা করাই ছিল সেই হামলাকারীর লক্ষ্য।
তিনি বলেন,“প্রাথমিক খবরে কোনো বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গাড়িটি থেকে দ্বিতীয় দফা বিস্ফোরণে বোঝা যায় যে, সেখানে যথেষ্ট পরিমাণ বিস্ফোরক দ্রব্য ছিল।”
বিবিসি জানায়, সন্দেহভাজন এক আত্মঘাতী হামলাকারীর গাড়ি লক্ষ্য করে মারিকন ড্রোন হামলার কথা তালেবানের একজন মুখপাত্রও বলেছেন।
সন্ত্রাসী হামলার সতর্কতার মধ্যে গত বুধবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৭০ জন মানুষের মৃত্যু হয়। পরে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস সেই হামলার দায় স্বীকার করে।
মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছাড়া শুরু করার মধ্যে সেখানে আরেকটি জঙ্গি হামলার জোর সম্ভাবনা আছে বলে শনিবার সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।