সাতক্ষীরায় সোনার বারসহ চোরাকারবারি আটক

পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩

সাতক্ষীরায় পুলিশের স্টিকার লাগানো প্রাইভেটকারে করে ইয়াবা পাচারকালে তিনজনকে আটক করেছে র‌্যাব। গতকাল রবিবার ভোর রাতে সুন্দরবন টেক্সটাইল মিলসের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন সাতক্ষীরা সদরের মধ্যকাটিয়া এলাকার মাহফুজ আরিফ অপু, বাটকেখালি এলাকার রায়হান বিপ্লব ও গড়েরকান্দা এলাকার আনিছ গাজী।

র‌্যাব, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, খুলনা থেকে সাতক্ষীরামুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। মাদক পাচারের জন্য তারা প্রাইভেটকারে পুলিশের স্টিকার লাগিয়েছে।

এদিকে ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ৮ পিস সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল সকালে তলুইগাছা সীমান্তের ভবানীপুর ঋষিপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বিল্লাল হোসেন (৩৭) সদর উপজেলার তলুইগাছা গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, ভারতে পাচারকালে ৮০ ভরি ওজনের ৮টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়েছে।