বিকেএমইএর সভায় ক্ষোভ

ভবনের সামনে থেকে স্থাপনা সরানোর অনুরোধ

বাংলাদেশ নিটওয়্যার মেনুফ্যাকচারার অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাধারণ সভা গত শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের সমবায় মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে চাষাঢ়ায় বিকেএমইএর নির্মাণাধীন ভবনের সামনের জমি থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করা হয়।

২২তম সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান এমপি। বক্তব্যে তিনি বলেন, ‘চাষাঢ়ায় বিকেএমইএর নির্মাণাধীন ভবনের সামনের জায়গা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দখল করে রেখেছে।’ তিনি এই জায়গা ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমাদের যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে আইনের মাধ্যমে হোক কিংবা অন্য কোনো ব্যবস্থায় এই জায়গা আমরা উদ্ধার করব। আমরাও তো হরতাল করতে জানি।’

নির্বাচন বা নির্বাচনের প্রার্থিতার বিষয়টি সভার আলোচ্যসূচিতে না থাকলেও এই প্রসঙ্গে কথা বলেছেন সংগঠনের কয়েক সদস্য। তারা বর্তমান সভাপতি সাংসদ সেলিম ওসমানকেই আগামী কমিটির সভাপতি হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।

বিকেএমইএর সহসভাপতি অমল পোদ্দার বলেন, সেলিম ওসমানের নেতৃত্ব দেওয়ার দক্ষতা বিবেচনায় তাকেই পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করা হোক। সংগঠনের আরেক সদস্য বর্তমান কমিটিকেই নতুন কমিটি হিসেবে ঘোষণার দাবি তোলেন।

চাষাঢ়ায় বিকেএমইএর নির্মাণাধীন ভবনের সামনের জমিতে সিটি করপোরেশনের স্থাপনার বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।