উইকেটকিপিং পজিশনে কাকে খেলাবেন এ নিয়ে মধুর সমস্যাতেই পড়তে হয়েছে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোকে!
টাইগারদের সবশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম। তার অনুপস্থিতিতে উইকেটের পেছনে নিজেকে প্রমাণ করেছেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে মুশফিক ফেরায় সবার প্রশ্ন, সোহান একাদশে থাকবেন তো?
সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানালেন, মুশফিক-সোহান দুজনকেই উইকেটকিপিংয়ের সুযোগ দেবেন তিনি। প্রথম দুই ম্যাচে সোহান ও পরের দুই ম্যাচে মুশফিক থাকবেন উইকেটের পেছনে।
এই দুই ম্যাচ দেখে পঞ্চম ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ উইকেটের পেছনে এক রকম পরীক্ষাই দিতে হবে সোহানকে।
ডমিঙ্গো বলেন, ‘নিশ্চিতভাবেই সোহান কিপিং করবে প্রথম দুই ম্যাচে। এই সিরিজটায় আমরা উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়ার পরিকল্পনা করেছি। দুজনকেই দুটি করে ম্যাচে দেখা হবে, তারপর পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মুশফিক-সোহান ছাড়াও দলে রয়েছেন আরো এক উইকেটরক্ষক। তিনি লিটন দাস। মুশফিকের মতো জাতীয় দলে তিনি নিয়মিত মুখ। অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও নিউজিল্যান্ড সিরিজে ফিরেছেন তিনি।
সাদা বলে নিয়মিত উইকেটকিপিং করেন মুশফিক, টেস্টে লিটন। সোহানের একাদশে থাকা নিয়ে এ কারণেই সবার সংশয়টা বেশি ছিল। তবে সেই সংশয় উড়ে গেছে ডমিঙ্গোর কথা।