পারমাণবিক চুল্লি চালু করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার বন্ধ থাকা একটি পারমাণবিক চুল্লি পুনরায় চালু করা হয়েছে বলে আশঙ্কা করছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। ওই চুল্লিতে পারমাণবিক অস্ত্র নির্মাণে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন করা হতো বলে ধারণা করা হয়। গতকাল সোমবার আইএইএর বার্ষিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছে এএফপি।

গত শুক্রবার প্রকাশিত আইএইএর এই প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইয়ংবিয়ন নিউক্লিয়ার কমপ্লেক্সে একটি চুল্লি পুনরায় চালু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেটি ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। ওই চুল্লিতে ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জুলাইয়ের শুরু পর্যন্ত কোনো কার্যক্রম চালানোর লক্ষণ পাওয়া যায়নি। তবে এরপর থেকে এমন কিছু ইঙ্গিত মিলেছে, যা থেকে চুল্লিটি আবার চালু করা হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে।

এর আগে চলতি বছরের জুলাইয়ে আইএইএ জানায়, ইয়ংবিয়ন নিউক্লিয়ার কমপ্লেক্সে প্লুটোনিয়াম উৎপাদনের ইঙ্গিত পাওয়া গেছে। এর কারণ হিসেবে তারা বলছে, ওই কমপ্লেক্স থেকে শীতল পানি বেরিয়েছে। সাধারণত চুল্লির রিঅ্যাক্টর চালু থাকলে এমন পানি বের হয়।