শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ঢালীর বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন পরিষদের সদস্যরা। গত ২৩ আগস্ট জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর ১১ জন ইউপি সদস্য স্বাক্ষরিত লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগ ও স্থানীয় সূত্র অনুযায়ী শাহজাহান ঢালী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এডিবি, ভূমি হস্তান্তর কর, টিআর, কাবিখা, মৌলিক থোক বরাদ্দ, এলজিএসপি-৩সহ সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে আসছেন। তিনি নীতিমালা না মেনে পরিষদের ১১ জন সদস্যকে উপেক্ষা করে এককভাবে প্রকল্প বাস্তবায়ন করছেন।
৭ নম্বর ওয়ার্ড সদস্য খলিল কাজি জানান, অসংখ্য দুর্নীতি ও অনিয়ম থাকায় তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মাহমুদপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান ঢালী বলেন, ইউপি সদস্যরা নিজেদের স্বার্থের জন্য আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, মাহমুদপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যরা অভিযোগ করেছেন বলে শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে তদন্ত করা হবে।