খন্দকার মোশতাকের বাড়িতে আ. লীগের হামলা, অগ্নিসংযোগ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশতাকের বাড়িতে আওয়ামী লীগের কর্মসূচি থেকে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা খন্দকার মোশতাকের বাড়ির কয়েকটি দরজা-জানালা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় কুমিল্লার উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

দাউদকান্দি থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, হামলার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। বাড়িটিতে মোশতাকের পরিবারের কেউ থাকেন না। তবে স্থানীয় মসজিদের ইমাম একটি কক্ষে থাকতেন। ঘটনার সময় তিনিও বাড়িতে ছিলেন না।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন বলেন, মোশতাকের বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। তরুণ সমাজ উত্তেজিত হয়ে হামলার চেষ্টা করলে আমি তাৎক্ষণিক ভাবে গিয়ে তাদের শান্ত করি।

তিনি জানান, খন্দকার মোশতাকের বাড়ির সামনে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের। পার্শ্ববর্তী দশপাড়া স্কুলমাঠে মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন এবং ইট পাথর ও জুতা নিক্ষেপ চলার সময় উত্তেজিত জনতা তার বাড়িতে প্রবেশ করে হামলা করে।

তিনি বলেন, গত ৫ বছর ধরে খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্ত ও মরণোত্তর বিচার দাবি করে আসছি। যত দিন পর্যন্ত সরকার এই দাবি বাস্তবায়ন না করবে তত দিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।

আরও পড়ুন...  দাউদকান্দিতে মোশতাকের বাড়ির সামনে বিক্ষোভ­-ভাঙচুর