আবেগাপ্লুত রোনালদো: স্যার অ্যালেক্স, এটি আপনার জন্য…

কোনো খেলোয়াড়ের দল বদলেও যে রোমাঞ্চ-নাটকীয়তা থাকতে পারে, তার প্রমাণ ক্রিস্তিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা।

অনেক সংবাদমাধ্যম প্রায় নিশ্চিত করে জানাচ্ছিল, ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে যাচ্ছেন সিআর সেভেন। কিন্তু পর্তুগিজ তারকা শেষ পর্যন্ত নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান। যা কেউ ধারণাই করেননি বলা চলে।

ম্যান ইউনাইটেডের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারার দিনে রোনালদো জানালেন, কেন তিনি পুরোনো ক্লাবে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেন, ‘যারা আমাকে চেনে, তাদের সবাই জানেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার ভালোবাসার কথা।’

২০০৯ সালে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে স্পেনের জায়ান্ট রিয়াল মাদ্রিদে পাড়ি দেন রোনালদো। সেখানে ক্লাব ইতিহাসে নিজেকে সেরা স্থানে নিয়ে যান। এরপর ২০১৮ সালে রিয়াল ছেড়ে পাড়ি দেন ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে। তিন মৌসুম সেখানে কাটিয়ে রোনালদো ফিরতে যাচ্ছেন সেই ক্লাবে, যেখানে তার মহাতারকা হওয়ার শুরু।

পুরোনো ক্লাবে ফেরার মুহূর্তে দারুণ রোমাঞ্চিত রোনালদো, ‘যে বছরগুলো আমি এই ক্লাবে কাটিয়েছিলাম, সেগুলো ছিল খুবই চমৎকার এবং যে পথ আমরা একসঙ্গে পাড়ি দিয়েছিলাম, তা এই মহান ও বিস্ময়কর প্রতিষ্ঠানের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা আছে।’

‘আমার ওল্ড ট্রাফোর্ডে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে… এ মুহূর্তে আমার অনুভূতি কেমন তা বর্ণনা শুরু করতেও পারছি না। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে যাওয়ার এত দিন পর আবারো এখানে ফিরতে পারা স্বপ্ন পূরণের মতো। এমনকি আমি যখনই ম্যানের (ইউনাইটেড) বিপক্ষে খেলতে নেমেছি, সব সময় গ্যালারির সমর্থকদের (ইউনাইটেড) কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা অনুভব করেছি।’

গত সপ্তাহেই নিশ্চিত হয়েছিল রোনালদোর ইউনাইটেডে ফেরা। শুক্রবার জুভেন্তাস থেকে ইউনাইটেডে ফেরেন রোনালদো। সব আনুষ্ঠানিকতা সেরে মঙ্গলবার তার সঙ্গে দুই বছরের চুক্তির ঘোষণা দেয় ক্লাবটি।

এমন দিনে রোনালদোর প্রতিশ্রুতি, ‘আমার প্রথম ঘরোয়া লিগ শিরোপা, প্রথম লিগ কাপ এবং পর্তুগাল দলে আমার প্রথম ডাক পাওয়া, প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়, প্রথম গোল্ডেন বুট পাওয়া এবং আমার প্রথম ব্যালন ডি’অর-এর সবকিছুর জন্ম হয়েছে রেড ডেভিলস ও আমার বিশেষ সম্পর্কের মধ্য দিয়ে। অতীতে ইতিহাস লেখা হয়েছে এবং আবারো লেখা হবে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি।’

রোনালদো শেষ করেছেন এভাবে, ‘আমি ঠিক এখানে! সেখানে ফিরে এসেছি, যেটি আমার ঠিকানা! চলো, তাহলে আবার হয়ে যাক! স্যার অ্যালেক্স, এটি আপনার জন্য…।’

সিটিতে না গিয়ে শেষ মুহূর্তে রোনালদোর ইউনাইটেডে ফেরায় বড় ভূমিকা রেখেছেন তার প্রিয় কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।