নিউজিল্যান্ডকে ৬০ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ

স্পিন ঘূর্ণিতে ভেঙে পড়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড। দাঁড়াতেই পারেননি টপ অর্ডার ব্যাটাররা। মিডল ও লোয়ার মিডল অর্ডার ব্যর্থ বাংলাদেশের পেসারদের বিপক্ষে। ফলে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খুব অল্পতেই গুটিয়ে যাওয়া কিউইদের।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে মাত্র ৬০ রানেই ‍গুটিয়ে যায় নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে যা দলটির যৌথ সর্বনিম্ন স্কোর।

এর আগে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে মাত্র ৬২ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকেরা নিউজিল্যান্ড সিরিজ যেন শুরু করল ঠিক সেখান থেকেই।

বাংলাদেশের স্পিন ঘূর্ণিতে প্রথম ৪ ওভারেই মাত্র ৯ রান যোগ করতে চার উইকেট হারিয়েছে কিউইরা। মেহেদি হাসান, নাসুম আহমেদ ও সাকিব আল হাসানের সঙ্গে উইকেট উৎসবে যোগ দেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তাতে ১৩ ওভারে ৪৯/৭-এ পরিণত হয় দলটি।

এরপর মোস্তাফিজুর রহমানের টানা তিন শিকারে ৩.১ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় কিউইরা।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করে এসেছে টম ল্যাথাম ও হেনরি নিকোলসের ব্যাট থেকে। অর্ধেকের বেশি রান এসেছে এই দুজনের ব্যাট থেকেই। বাকিদের কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেননি।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল মোস্তাফিজুর রহমান। ২.৫ ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ, সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। ১ উইকেট পেয়েছেন মেহেদি হাসান।