ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে

কোভ্যাক্সের সহায়তায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। এটি দেশে আসা ফাইজার-বায়োএনটেকের টিকার দ্বিতীয় চালান। এর আগে গত ৩১ মে রাতে প্রথম চালানে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। এ নিয়ে এই ওষুধ কোম্পানির ১১ লাখ ৬২০ ডোজ টিকা এলো। গতকাল বুধবার বিকেলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে টিক গ্রহণ করেন।

বিমানবন্দরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিঞা সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত ফাইজারের ১১ লাখ ডোজ এবং মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা এসেছে। এ মাসে আরও টিকা আসবে। আমরা আশা করছি, এ মাসে আরও ৫০ লাখের বেশি ডোজ ফাইজারের টিকা পাব।’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, ‘বাংলাদেশ ৬৫ লাখ ডোজ ফাইজারের টিকা পাবে। এসব টিকা খুব শিগগির বাংলাদেশে এসে পৌঁছাবে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুত উপহারের এই টিকা। সারা বিশ্বে ৫০০ মিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রথম দেশ হিসেবে উপহারের এই টিকা পাচ্ছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ফাইজারের এই  টিকা কেবল ঢাকাতেই সংরক্ষণ করা হবে। মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা রাখতে হয়। ফাইজারের টিকাগুলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কোল্ড স্টোরেজ ভবনসহ আরও কয়েকটি বেসরকারি ভবনে সংরক্ষণ করা হবে।