ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানে মেয়ের জামাই খুরশিদ মিয়াকে ‘ঘরজামাই’ ডাকেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর বুধবার দুপুরে হাজী মার্কেটে খুরশিদকে মারধর করেন সোহাগ মিয়া। পরে বাজারের সালিশ বৈঠকে সোহাগ ও খুরশিদ মিয়াকে মিলিয়ে দেন তারা। এরপরও দুপক্ষ এলাকায় গিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন।
এতে উভয়পক্ষের ২৫ জন আহত হন। আহতদের উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে সোহাগ (২০), মুহাম্মদ আলী (২৪), আলামীন (৩৫), সাইদুল মিয়া (২৭), রুবেল মিয়া (১৯), হৃদয় (২০), আনার মিয়া (৪৫), রিমা আক্তার (২৬), সাজু বেগম (২৩), সানজু আরা (১৫), ময়না বেগম (১০), সাদিক মিয়া (৭), সাহানা বেগম (৫০), হামিদা খানম (২০), খুরশিদ মিয়া (২৩), রাশেদ (৩৮), কাসেম মিয়া (৩০), রিপন (১৬), নাজমুল (১৩), রাহিমা (১১), নাদিয়া (৯), কারিমা আক্তার (১৪), রিফাত (১৪), ফারুক (৩০), ইকবাল (২৬), বাবুলের (২৫) নাম জানা গেছে।
মাছিহাতা ইউপি চেয়ারম্যান আলামিনুল হক জানান,তুচ্ছ ঘটনা নিয়ে একদল নারী-পুরুষ মারামারিতে জড়িয়ে পড়েন।এলাকাবাসী এগিয়ে এসে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।