মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না: আকরাম খান

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নতুন তালিকা প্রকাশ করেছে বুধবার। যেখানে তারকা পেসার মোস্তাফিজুর রহমান টেস্টের চুক্তিতে নেই। শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে রয়েছেন ‘ফিজ’।

এই বাঁহাতি পেসারের টেস্টের চুক্তিতে না থাকার কারণ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। দেশের ক্রিকেটের সাবেক এই অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। এখন সে টেস্টে আগ্রহী না।’

করোনাকালে জৈব সুরক্ষা বলয়ে থেকে টেস্ট খেলা তার জন্য কঠিন বলে বিসিবিকে জানিয়েছেন মোস্তাফিজ। আকরাম বললেন সেটিই, ‘মোস্তাফিজ আমাদের জানিয়েছে, যত দিন এই কোয়ারেন্টাইন বা জৈব সুরক্ষাবলয় আছে, টেস্টে ওর মনোযোগ দেওয়া কঠিন হবে। তাই এখন সে টেস্ট খেলতে চাচ্ছে না।’

বিসিবি মোস্তাফিজের এই সিদ্ধান্ত ইতিবাচকভাবে নিচ্ছে। আকরামের কথায় তা পরিষ্কার, ‘এটা আমরাও খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে টি-টোয়েন্টি আর ওয়ানডের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই আমরা আলাপ-আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’