সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় সেপটিক ট্যাঙ্ক মেরামতের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর বাজার এলাকার আবু বকরের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিকদ্বয় হলেন, সদর উপজেলার পূর্ব আবদালপুর গ্রামের আমির হোসেনের ছেলে আবদুল হান্নান (৩০) ও একই গ্রামের পবন আলীর ছেলে শাকিল (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য হান্নান ট্যাঙ্কের মধ্যে নামে। এ সময় তার সহকারী শাকিল সিমেন্ট-বালি প্রস্তুত করে এনে হান্নানকে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে শাকিলও ট্যাঙ্কের মধ্যে নেমে পড়ে। পরে আশপাশের লোকজন শ্রমিকদের কোনো সাড়া না পেয়ে কাছে এসে দেখতে পায় দুই শ্রমিকই ট্যাঙ্কের মধ্যে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দুই শ্রমিককে উদ্ধার করে স্থানীয় জনসেবা ক্লিনিকে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।