ফ্রান্স নেদারল্যান্ডসের ড্র জয় ডেনমার্কের

বিশ্বকাপ বাছাইয়ে হোঁচট খেয়েছে চ্যাম্পিয়ন ফ্রান্স। নিজেদের মাঠে বসনিয়া-হার্জেগোভিনার কাছে পিছিয়ে পড়া দলটি আন্তোইন গ্রিজমানের গোলে ড্র করেছে। ১-১ গোলে ড্র করেছে নরওয়ে-নেদারল্যান্ডসও। তবে জয় পেয়েছে ডেনমার্ক।

৩৬ মিনিটে এডিন জেকোর গোলে এগিয়ে যায় বসনিয়া। তিন মিনিট পর গ্রিজমানের গোলে ম্যাচে ফেরে ফ্রান্স। তবে ৫১ মিনিটের সময় ফ্রেঞ্চ ডিফেন্ডার জুল কুন্দে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে আর ম্যাচে জয় পায়নি ফ্রান্স। অবশ্য ম্যাচের ২৬ মিনিটে এমবাপের শট পোস্টে বাধা না পেলে অন্যরকম ফল হতে পারত। মার্চে বসনিয়ার মাঠে ১-০ গোলে জিতেছিল দিদিয়ের দেশমের দল। ইউরোর প্রি-কোয়ার্টারে সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হারের পর এটিই ছিল ফ্রান্সের প্রথম ম্যাচ। চার ম্যাচে দুই জয়ের সঙ্গে দ্বিতীয় ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষেই রইল। কাজাখস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করা ইউক্রেন ৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

এদিকে ওসলোতে ম্যাচের ২০ মিনিটে আর্লিং ব্রট হালান্ডের গোলে এগিয়ে যায় স্বাগতিক নরওয়ে। ৩৬ মিনিটে নেদারল্যান্ডসের ডেভি ক্লাসেন সমতায় ফেরান। এরপর দু’দলের কেউ গোল করতে পারেনি। মন্টেনেগ্রোর সঙ্গে ড্র করে (২-২) ৮ পয়েন্টে জি গ্রুপের শীর্ষে তুরস্ক। ৭ পয়েন্ট করে নেদারল্যান্ডস, মন্টেনেগ্রো ও নরওয়ের।

ডেনমার্ক ২-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। ডেনমার্কের দুই উইংব্যাক ড্যানিয়েল ওয়াস ও জোয়াকিম মেয়লে গোল করেন। ‘এফ’ গ্রুপে চার ম্যাচের সবগুলো জিতে শীর্ষে ডেনমার্ক। অস্ট্রিয়া ২-০ গোলে হারিয়েছে মালদোভাকে। এরান জাহাভির হ্যাটট্রিকে ফারো আইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে ইসরায়েল।