দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। গত ৭৬ দিনের মধ্যে এক দিনে এটি সর্বনি¤œ মৃত্যুর ঘটনা। সর্বশেষ গত ১৯ জুন ৬৭ জনের মৃত্যু হয়েছিল। এ সময়ে ৩ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত কমলেও শনাক্তের হার বেড়েছে। আগের দিন ৮৮ জনের মৃত্যু হয়। এ সময় ৩ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে, গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১২ দশমিক ৭৬ শতাংশ রোগী শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১০ দশমিক ৪০। তবে গতকাল পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৪। শনাক্ত বিবেচনায় সুস্থতা ৯৫ দশমিক ৫২ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৫। গতকাল পর্যন্ত করোনায় মোট ২৬ হাজার ৪৩২ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে, গত ২৪ ঘণ্টায় ঢাকা (মহানগরসহ) বিভাগে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে। এ বিভাগের বিভিন্ন জেলায় নতুন শনাক্ত রোগী ১ হাজার ৮৫৯ জন। আর মারা গেছে ২৪ জন। বিপরীতে বরিশাল বিভাগে সবচেয়ে কম ৮৬ রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে চারজন। তবে ময়মনসিংহ বিভাগে ১০৮ জন শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১৫, রাজশাহী বিভাগে ৪, খুলনা বিভাগে ১২ ও সিলেট বিভাগে ৮ জনের মৃত্যু হলেও এসব বিভাগে শনাক্তের হার কিছুটা কমেছে।
দেশের ২৭ জেলায় গত ২৪ ঘণ্টায় মৃতদের ৫৭ জন সরকারি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে ১০ ও বাড়িতে তিনজন মারা গেছেন। এ সময় ৩৭ জেলায় করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ২৪ ঘণ্টায় ৩৪ পুরুষ ও ৩৬ নারীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় ১৭ হাজার ১১৮ পুরুষের মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ৭৬ শতাংশ। আর নারী মারা গেছে ৯ হাজার ৩১৪ জন; যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ২৪ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২১, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৪ ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য জেলাগুলো হলো গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, হবিগঞ্জ, কুষ্টিয়া, পঞ্চগড়, মৌলভীবাজার, ফেনী, ভোলা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠী।