এখন আমরা বলতে পারছি বাংলাদেশ জিতবেই: হাবিবুল

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে পাওয়া সাফল্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে অনেকটা এগিয়ে রাখবে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন।

‘এই যে সিরিজগুলো জিতছি, এটা অবশ্যই আমাদের সাহায্য করবে। বিশ্বকাপে যখন বাংলাদেশ যাবে তখন অবশ্যই অন্য দলগুলো বাংলাদেশকে অন্য ভাবে রেট করবে।’- শনিবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন হাবিবুল।

অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারানোর পর নিউজিল্যান্ড সিরিজেও দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে টাইগাররা এখন এগিয়ে ২-০ তে।

অবশ্য অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসেছিল একঝাঁক তারকা ক্রিকেটারদের বাইরে রেখে। নিউজিল্যান্ডের যে দলটা এসেছে তাদের কেউ তো টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেই নেই। তাই এই দুই সিরিজের সাফল্য বাংলাদেশকে বিশ্বকাপে কতটা সাহায্য করবে, এ নিয়ে সন্দিহান অনেকে। তারওপর মিরপুরের স্লো-উইকেট ম্যাচগুলোকে করেছে একতরফা।

হাবিবুল অবশ্য জয়ের অভ্যাসের বিষয়টিই গুরুত্ব দিয়ে দেখছেন। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এই সাবেক ক্রিকেটার বলেন, ‘২০০৭ বিশ্বকাপের সময় যখন আমরা গিয়েছিলাম, তার আগে এক থেকে দেড় বছর আমরা অনেক ম্যাচ জিতেছিলাম। তখন কিন্তু খুব একটা শক্তিশালী দল ছিল না। কিন্তু ওই যে ম্যাচগুলো জিতেছিলাম সেটা আমাদের অনেক সাহায্য করেছিল।’

‘যখন বিশ্বকাপে গেলাম তখন সবাই কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে আলাদাভাবে চিন্তা করছিল। কারণ এই দলের সাফল্য আছে, এরা জিততে পারে তা জেনেই কিন্তু সবাই আমাদের আলাদাভাবে দেখছিল।’

তাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দল তুলনায় খর্বশক্তির হলেও হাবিবুল অনেক ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন। বলছিলেন, ‘যদি একটু আমরা পেছনে ফিরে তাকাই, তাহলে আপনিও কিন্তু এতটা আত্মবিশ্বাসী থাকতেন না, বাংলাদেশ দলকে নিয়ে। কিন্তু এখন যখন ম্যাচে নামছি, তখন আমরা বলতে পারছি যে বাংলাদেশ জিতবেই ম্যাচটা।’