কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী জামে মসজিদে মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে কবির খান (৩৫) নামে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে যোহর নামাজের পর সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের শাহী মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত কবির খান সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মান্নান খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের পুরোনো এই মসজিদে দূর-দূরান্ত থেকে এসে বিশ্বাসীরা মোরগ, খাসি, ভেড়া, গরু মানত করে আসছেন। মানতের পশু-পাখির মাংসের ভাগাভাগি নিয়ে গত কয়েক দিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
স্থানীয় ঝাউদিয়া ইউপি চেয়ারম্যান কেরামত আলী বলেন, শনিবার মসজিদে চুয়াডাঙ্গা জেলা থেকে কয়েকজন তাদের পূর্ব নির্ধারিত মানত হিসেবে একটি খাসি প্রদান করেন। পরে ওই খাসি জবাই করে মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে আসাদ চৌধুরী গ্রুপ ও মুরাদ চৌধুরী গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে কবির খান নামের ওই যুবক মাথায় লাঠির আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান রতন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগে মামলা দায়ের করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।