তালেবানের সঙ্গে ‘সীমিত সম্পর্ক’ রাখবে ভারত

আলোচনার দরজা খুললেও তালেবানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি নেবে নয়াদিল্লি। গতকাল শনিবার এমন ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সেই সঙ্গে তিনি বলেন, কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ভারতের কোনো সুদৃঢ় আলোচনা হয়নি।

ভবিষ্যতে আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে ‘সীমিত সম্পর্ক’ বজায় রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। তালেবানের মুখপাত্র সুহেল শাহিন শুক্রবার বলেছিলেন, মুসলিম হিসেবে আমাদের কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার রয়েছে। পাশাপাশি চীনকে পাকিস্তানের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী’ বলেও উল্লেখ করেন তিনি।

এরপরই শ্রিংলার এমন মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।