আগের সাতটা টেস্ট সেঞ্চুরিই রোহিত শর্মা করেছেন দেশের মাঠে। অষ্টম টেস্ট সেঞ্চুরির জন্য তিনি বেছে নিলেন বিদেশের মাটি। সময়টাও খুব তাৎপর্যপূর্ণ। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৯৯ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়েছিল। এরপর ওভাল টেস্ট বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে ভারতকে অবিশ্বাস্য কিছু করতে হতো। দারুণ এক সেঞ্চুরি করে সেটার নেতৃত্ব দিলেন রোহিত শর্মা। তার সেঞ্চুরির পর ভিভিএস লক্ষণ টুইটারে লিখেছেনÑ ‘এটা সিরিজের ভাগ্য নির্ধারক’ হতে পারে।
ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ২৭০। ৭ উইকেট হাতে নিয়ে ১৭১ রানে এগিয়ে আছে তারা। ১২৭ রান করে আউট হন রোহিত শর্ম। ৬১ রান করেন চেতেশ্বর পূজারা। গতকাল লাঞ্চের আগে আউট হওয়া লোকেশ রাহুল করেন ৪৬ রান। রোহিত-পূজারা দ্বিতীয় উইকেটে ১৫৩ রানের জুটি গড়েন। শুরুতে ধীরে ব্যাট করলেও হাফসেঞ্চুরির পর হাত খোলেন রোহিত। মাত্র ৬০ বলে দ্বিতীয় হাফসেঞ্চুরি করেছেন তিনি। মঈন আলিকে বিশাল ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করেন। ওভাল টেস্টের তৃতীয় দিনে ভারত খেলতে নামে বিনা উইকেটে ৪৩ রান নিয়ে। চা বিরতির সময় তাদের স্কোর ছিল ১ উইকেটে ১৯৯। এরপর দুটি উইকেট হারিয়েছে তারা। আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ভদ্রস্থ লিড পেয়েছে। বিরাট কোহলি ২২ রানে অপরাজিত ছিলেন। পাঁচ টেস্টের সিরিজে ভারত এগিয়ে যায় লর্ডস জয়ের মাধ্যমে। এরপর হেডিংলি টেস্ট জিতে সমতা ফেরায় ইংল্যান্ড।