বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের পণ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। যুক্তরাজ্যভিত্তিক অর্থনীতি সাময়িকী ‘বিজনেস ট্যাবলয়েড’ সাফিয়াত সোবহানকে (২০২০-২১) ‘মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রিটেইল লিডার’ হিসেবে পদক দিয়েছে। প্রতিবছর অসামান্য অবদানের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের পুরস্কার দিয়ে থাকে লন্ডনভিত্তিক অনলাইন ‘বিজনেস ট্যাবলয়েড’। চলতি বছরের বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের সাফল্যের বিষয়টি বিজনেস ট্যাবলয়েড ম্যাগাজিনের গবেষণায় উঠে আসে।
আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায়, ভোক্তা, বিক্রেতা, পরিবেশকসহ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাফিয়াত সোবহান। পাশাপাশি, দেশের সকল মানুষের পুষ্টি চাহিদা মেটাতে মানসম্পন্ন খাদ্যপণ্য বাজারজাতকরণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে, গত তিন দশকে বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতিতে বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে লন্ডনভিত্তিক সাময়িকীটি। প্রতিবেদনে বলা হয়, বসুন্ধরা গ্রুপ এমনই একটি প্রতিষ্ঠান যারা তাদের কর্ম, অসীম দৃঢ়তা এবং দূরদর্শিতার মাধ্যমে সেই দৃষ্টিভঙ্গি অর্জনের দিকে কাজ করে যাচ্ছে অবিরাম।
আন্তর্জাতিক পদকপ্রাপ্তির পরে সাফিয়াত সোবহানের নেতৃত্বের দক্ষতা সম্পর্কে আরও জানতে এবং তরুণ ও উদীয়মান করপোরেট লিডারদের প্রতি পরামর্শের জন্য সাক্ষাৎকার প্রকাশ করে ‘বিজনেস ট্যাবলয়েড’।