একসঙ্গে তিন রেকর্ড গড়তে সাকিবের দরকার দুই উইকেট

দরকার আর মাত্র ২ উইকেট। আর তা পেলেই একসঙ্গে ৩টি অনন্য রেকর্ডের মালিক হবেন সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে এখন ৬০০ উইকেটের কীর্তি গড়ার হাতছানি। এই মাইলফলকের চূড়ায় উঠতে সাকিবের প্রয়োজন মাত্র ২ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি পাঁচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেই এই কীর্তি গড়ার সম্ভাবনা রয়েছে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের। এমন অর্জন নেই বাংলাদেশি আর কোনো বোলারের।

তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব এখন পর্যন্ত নিয়েছেন ৫৯৮ উইকেট। এর মধ্যে কিউইদের বিপক্ষে চলতি সিরিজে দুই ম্যাচে নিয়েছেন উইকেট নিয়েছেন ৪টি।

আন্তর্জাতিক অঙ্গনে ৬০০ উইকেট ছাড়াও আরও দুই রেকর্ডের সামনে সাকিব। ২ উইকেট পেলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে একইসঙ্গে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক হবেন তিনি।

কাঙ্ক্ষিত ২ উইকেট পেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিকও হবেন সাকিব। কেড়ে নেবেন লাসিথ মালিঙ্গার সিংহাসন।

বর্তমানে ১০৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন মালিঙ্গা। দ্বিতীয় স্থানে থাকে সাকিবের উইকেট ১০৬টি।