ব্যাটারদের খেলার ধরনে সমস্যা দেখেন না ডমিঙ্গো

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৫২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা গুটিয়ে যায় মাত্র ৭৬ রানে। ম্যাচে ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন, শট নির্বাচন তুলে দিচ্ছে প্রশ্ন। তবে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর ভাবনা ভিন্ন। তিনি ব্যাটারদের খেলার ধরনে কোনো সমস্যাই দেখছেন না।

রবিবার ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় না, ব্যাটিংয়ের ধরনে কোনো সমস্যা ছিল।’

ডমিঙ্গো ব্যাখ্যা টানেন, ‘আমরা চেয়েছি রান রেটে এগিয়ে থাকতে, কারণ রান রেটে পেছনে পড়লে পরে পুষিয়ে দেওয়া কঠিন। আমরা তাই চেয়েছি ভালোভাবে ও ইতিবাচকভাবে শুরু করতে।’

‘দুর্ভাগ্যজনকভাবে আমরা শুরুতে কিছু উইকেট হারিয়েছি এবং পরে ঝাঁক ধরে উইকেট হারিয়েছি। নতুন ব্যাটসম্যানের জন্য এখানে গিয়েই শট খেলা কঠিন। সেটাই ছিল সমস্যা।’

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা এদিন খারাপ ছিল না। মোহাম্মদ নাঈম ও লিটন দাস ভালোই খেলছিলেন। কিন্তু একপর্যায়ে ২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ থেকে আর বের হতে পারেনি স্বাগতিকেরা। বরং জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে।

ডমিঙ্গো এটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন, ‘আমরা ভালো শুরু পেয়েছি। ২ ওভারে ২০ রান ছিল (৩ ওভারে ২৪)। এরপর চার-পাঁচ ওভারে চার-পাঁচ উইকেট হারানো আমাদের অনেক পেছনে ঠেলে দিয়েছে।’

এই জয়ে সিরিজে ফিরেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ কোচ জয়ের জন্য কিউইদের কৃতিত্ব দিতে ভোলেননি, ‘অবশ্যই নিউজিল্যান্ড আজকে আমাদের উড়িয়ে দিয়েছে। এটাই এই সংস্করণের ধরন। পুরো কৃতিত্ব নিউজিল্যান্ডের। ওরা আজকে আমাদের চেয়ে বেশি স্মার্ট ছিল এবং স্কিল বেশি ভালো দেখিয়েছে।’