নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কার নিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে এনকে ফিলিং স্টেশনের হিসাবরক্ষকের কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। গতকাল রবিবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহসড়কের উপজেলার আওখাবো এলাকায় এ ঘটনা ঘটে।
এনকে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মাসুম মিয়া জানান, রিয়েল মিয়া (২৫) এনকে ফিলিং স্টেশনের হিসাবরক্ষক হিসেবে কাজ করেন। রিয়েল গতকাল বেলা ১১টার দিকে ফিলিং স্টেশনের ১৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে ভুলতার একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তিনি আওখাবো এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একদল ছিনতাইকারী একটি প্রাইভেট কারে করে এসে তার কাঁধে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকেসহ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে রিয়েল পড়ে গিয়ে আহত হন। এ ব্যাপারে তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।