এক ঝলকে

অনুদানের জন্য চলচ্চিত্র আহ্বান

সরকারি অনুদানের জন্য আবারও চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব আহ্বান করেছে সরকার। ২০২১-২২ অর্থবছরে ১০টি পূর্ণদৈর্ঘ্য ও ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে। তবে ক্ষেত্রবিশেষে এই সংখ্যা বৃদ্ধি করা হতে পারে। আগামী ৩১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-২ শাখায় চিত্রনাট্য জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সংস্কৃতিকে সমুন্নত রাখবে এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ গল্পের চলচ্চিত্রকে প্রাধান্য দেওয়া হবে। অগ্রাধিকার পাবে সাহিত্যনির্ভর ও শিশুতোষ চিত্রনাট্য। এ ক্ষেত্রে মূল লেখকের অনুমতি নিতে হবে। কেউ বিদেশি গল্প বা কাহিনি নিয়ে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট লেখক, সংস্থা, প্রকাশকের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করতে হবে। নির্মাণের সার্বিক পরিকল্পনা, শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ চলচ্চিত্রের জন্য পূর্ণাঙ্গ প্রস্তাবের ১২টি কপি ও স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য ১০ কপি প্রস্তাবনা জমা দিতে হবে। একই প্রযোজক দ্বিতীয়বার অনুদান পাওয়ার পর চার বছর অতিক্রান্ত হলে পুনরায় অনুদানের জন্য আবেদনের যোগ্য হবেন। একজন প্রযোজক সর্বোচ্চ তিনবারের বেশি অনুদান পাবেন না।

ভেনিস উৎসবে সম্মানিত ক্রিস্টেন স্টুয়ার্ট

‘স্পেন্সার’-এ প্রিন্সেস ডায়ানা চরিত্রে অভিনয় করেছেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। শুক্রবার ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘স্পেন্সার’ ছবিটি প্রদর্শিত হয়। এই চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য পাঁচ মিনিটের ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। উৎসবে চলচ্চিত্রবোদ্ধাদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন স্টুয়ার্ট। মার্কিন অভিনেত্রীর সাবলীল ব্রিটিশ উচ্চারণ মুগ্ধ করেছে সবাইকে। চরিত্রের সঙ্গে যেন মিশে গিয়েছেন অভিনেত্রী। অনেকেই মনে করছেন এই ছবির জন্য অস্কার পাওয়া উচিত অভিনেত্রীর। ডায়ানার জীবন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। প্রিন্সেস অব ওয়ালস ডায়ানা হওয়ার আগে তিনি ছিলেন ডায়ানা ফ্রান্সেস স্পেন্সার। প্রিন্স চার্লসের সঙ্গে প্রয়াত রাজবধূর বিয়ে বিচ্ছেদের ঘটনা তুলে ধরা হয়েছে ‘স্পেন্সার’-এ। সব মিলিয়ে তিন দিনের একটু বেশি সময়ের গল্প বলা হবে। গল্পের শুরু হবে ইংল্যান্ডের নরফোকে অবস্থিত সান্ড্রিংহামে হাউজ অব উইন্ডসরে। কাহিনিতে দেখা যাবে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার বিষয়টি বড়দিনের ছুটিতে উপলব্ধি করেন ডায়ানা। পাবলো লারাইনের ‘স্পেন্সার’ ছবির শ্যুটিং হয়েছে জার্মানি এবং যুক্তরাজ্যে। সব ঠিক থাকলে এ বছরের শেষে মুক্তি পাবে ‘স্পেন্সার।’