বিএনপি পুরোপুরি মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘কারও লাশ না থাকা সত্ত্বেও সে স্থানকে তার কবর বলে চালিয়ে দেয়া যেমন জনগণের সঙ্গে প্রতারণা, একই সঙ্গে অত্যন্ত অনৈসলামিক কাজ, যেটি বিএনপি করছে।’
গতকাল রবিবার সকালে সরকারি সফরে ভারতের নয়াদিল্লির পথে রওনা হওয়ার আগে ঢাকায় মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জাতীয় সংসদ ভবনসংলগ্ন চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবর নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘এ নিয়ে সংসদেও শনিবার আলোচনা হয়েছে। কারও কবর না থাকলেও তার কবর বলে চালিয়ে দেওয়া জনগণের সঙ্গে প্রতারণা এবং অনৈসলামিক, যা বিএনপি করছে। জিয়াউর রহমানের লাশ কেউ দেখে নাই এবং তখনকার পত্রিকার কাটিং আমার মোবাইল ফোনেই আছে এবং পত্রিকায় লিখেছে কেউ জিয়ার লাশ দেখে নাই। তারেক রহমান লাশ দেখার জন্য খুব মিনতি করেছিল, তাকে দেখানো হয় নাই, খালেদা জিয়াও দেখেন নাই, কেউ দেখে নাই।’
তিনি আরও বলেন, ‘জনগণই এটির বিচার করবে, দ্বিতীয়ত তারা যেহেতু দাবি করছে তারা প্রমাণ করুক। সে পথে তারা হাঁটে না বরং আগে বিশেষ বিশেষ দিনে তারা সেখানে যেত এখন প্রতি সপ্তাহে কারণে-অকারণে যায় এবং মাঝেমধ্যে মারামারি করে।’
সরকারের বিরুদ্ধে ‘গণঐক্য গড়তে’ বিএনপির আহ্বানের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের ঐক্য তো সবসময় জঙ্গি-জামায়াত-মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে যারা দেশটাকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়। তাদের এই ঐক্য সবসময়ই ছিল, এখনো আছে। এতে কোনো রাখঢাক নাই। জাফরুল্লাহ সাহেব তালেবানদের কাবুল দখলের পর যে বক্তব্য দিয়েছেন, সেটিই হচ্ছে বিএনপির অন্তর্নিহিত বক্তব্য।’
বিদেশি টিভির ‘ক্লিন ফিড’ বাস্তবায়নে ব্যবস্থা নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন বানালে শিল্পীপ্রতি দুই লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। সম্প্রতি আমরা বিদেশি চ্যানেল ডাউনলিংকের অনুমোদনপ্রাপ্ত ডিস্ট্রিবিউটর, কেব্ল অপারেটর, ডিটিএইচ সেবা প্রদানকারীদের নিয়ে বৈঠক করেছিলাম। সেখানে ৩০ সেপ্টেম্বরের পর ১ অক্টোবর থেকে কেউ যদি ক্লিন ফিড না চালায় এবং কেব্ল অপারেটিং লাইসেন্স অনুযায়ী নিয়মকানুন না মানে তবে আমরা আইনপ্রয়োগ করব বলে জানিয়েছিলাম।’
এদিকে নয়াদিল্লি সফরকালে সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হবে বলে জানান মন্ত্রী। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা।