রাজশাহী মেডিকেলে করোনার ‍উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রবিবার সকাল থেকে সোমবার সকালের মধ্যে তারা মারা যান।

এই সময়ে করোনা আক্রান্ত বা করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কেউ মারা যায়নি।

এর আগের দিন রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা ১০ জন মারা যান। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যান ৬ জন, উপসর্গ নিয়ে ৩ জন এবং করোনা পরবর্তী জটিলতায় একজন মারা যান।

এ নিয়ে গত ৬ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট মোট ৪৭ জনের মৃত্যু হলো। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৭ জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২৫ জন এবং করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫ জন। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের একজন, নওগাঁয় ৩ জন রয়েছেন। মৃত ৭ জন পুরুষ ও ৩ জন নারী। 

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ২ জনের বয়স ৬১ বছরের উপরে, ৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন, একজনের বয়স ২০ বছরের নিচে। । 

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২জন।

সোমবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৩৩ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫১জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬০ জন এবং করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২২জন।

এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৮৬টি। 

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রোববার রাজশাহীর ৩০৭জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ ভাগ।