চিরসবুজ নায়ক সালমান শাহর ২৫তম প্রয়াণ দিবসে স্মৃতি ঝাঁপি খুলে দিয়েছেন অনেক ভক্ত-অনুরাগী। পিছিয়ে নেই তারকারাও। লেখক, সংগীতশিল্পী ও সুরকার লুৎফর হাসান জানালেন সেই শুক্রবারের কথা, যে দিন টেলিভিশনে সিনেমা দেখার ফাঁকে জানতে পারেন, প্রিয় নায়ক আর নেই।
টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনের হয়েছে সালমানের বিখ্যাত সিনেমা ‘আনন্দ অশ্রু’র শুটিং। সেই স্পটে অভিনেতাকে দেখেছিলেন বলেও জানান ‘ঘুড়ি’-খ্যাত গায়ক।
লুৎফর হাসান ফেইসবুকে লেখেন, “আমাদের জেনারেশনের যে অল্প কজন সরাসরি সালমান শাহ্কে দেখেছে, আমরাও তাদের অন্যতম। মানে আমাদের এলাকায় শুটিং ছিল মধুপুরে। আনন্দ অশ্রু। নাওয়া-খাওয়া ভুলে ক্লাস ফাঁকি দিয়ে আমরা তাদের ইউনিটের মাইক্রোর পেছনে বাইসাইকেল নিয়ে ছুটতাম আর সারাদিন শুটিং দেখতাম।”
এরপর বলেন, “তার কিছুদিন পরেই নায়ক মারা যান। খবরটা কী যে ধাক্কা ছিল আমাদের জন্য, সেদিন শুক্রবার ছিল। বিকালে টিভিতে বাংলা সিনেমা দেখতে বসেছিলাম। সিনেমার ফাঁকে এটা ব্রেকিং নিউজ গেল। তারপর তো কেবলই রূপকথা।”
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে সালমান শাহর আবির্ভাব। তুমুল জনপ্রিয়তার মাঝে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান তিনি।