পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, নেই মালিক-সরফরাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যে দলে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ। তবে সিনিয়র অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ রয়েছেন দলে।

দলে চমক আসিফ আলি ও খুশদিল শাহর অন্তর্ভুক্তি। বছরের শুরুতে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে থাকলেও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরে তারা ছিলেন না।

প্রধান উইকেটরক্ষক হিসেবে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন আজম খান।

পাকিস্তান মূলত নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলটাকেই বিশ্বকাপে নিয়ে যাচ্ছে।

মূল স্কোয়াডে জায়গা হয়নি ফখর জামানের। তবে তিনি রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন। এ ছাড়া স্ট্যান্ডবাই রাখা হয়েছে শানাওয়াজ দাহানি ও উসমান কাদিরকে।

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলি, সোহেব মাকসুদ, আজম খান (উইকেটরক্ষক), খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন।

রিজার্ভ: উসমান কাদির, শানাওয়াজ দাহানি, ফখর জামান।