মারামারি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

মারামারি মামলায় জামিন বাতিল করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে কালিহাতী আমলি আদালতের বিচারক শামসুল আলম তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ নিশ্চিত করেছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ট্রাকে লোড-আনলোডের অস্থায়ী স্ট্যান্ড থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তার নিয়ে কুলি সর্দার আকবর আলীর সঙ্গে হযরত আলী তালুকদারের বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গত বছর ৬ অক্টোবর চেয়ারম্যানের নেতৃত্বে ওই কুলি সর্দারকে মারধর করা হয়। পরে আকবর আলীর ছোট ভাই আবু বক্কর বাদী হয়ে কালিহাতী থানায় ওই চেয়ারম্যানকে প্রধান আসামি করে ২০ জনের নামে মামলা করেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, মামলার পূর্বনির্ধারিত দিনে গতকাল আদালতে হাজির হলে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।