দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং অলরাউন্ডার জন ওয়াটকিন্স মারা গেছেন। ৯৮ বছর বয়সে ডারবানে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর আগে তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। মৃত্যুর ১০ দিন আগে কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওয়াটকিন্স।
এই আক্রমণাত্মক মিডল-অর্ডার ব্যাটসম্যান এবং মিডিয়াম পেসারের টেস্ট অভিষেক হয় হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ১৯৪৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম টেস্ট খেলতে নামেন ওয়াটকিন্স। ম্যাচে অনুকরণীয় নিয়ন্ত্রণের জন্য স্বীকৃত ছিলেন তিনি।
ক্যারিয়ারে ১৫টি টেস্ট খেলে ১৯৫৭ সালে অবসর নেন ওয়াটকিন্স। ব্যাট হাতে তিন ফিফটিতে তার রান ৬১২। ২৮.১৩ গড়ে রান দিয়ে শিকার করেছেন ২৯ উইকেট।
স্লিপে ফিল্ডিংয়ের জন্য পরিচিত ছিলেন ওয়াটকিন্স। তার ক্যারিয়ারে স্মরণীয় হয়ে আছে ১৯৫২-৫৩ মৌসুমে অস্ট্রেলিয়া সফর। অজিদের বিপক্ষে ওই সিরিজে ৪০৮ রান ও ১৬ উইকেট নেন তিনি। এমসিজিতে সিরিজের শেষ টেস্টে দুই ইনিংসে ৯২ ও ৫০ রান করেন ওয়াটকিন্স। যার মধ্যে তার ক্যারিয়ার সেরা স্কোর ৯২। এই টেস্টে বল হাতে ৬ উইকেট নিয়ে জয় এনে দেওয়ার পাশাপাশি দ.আফ্রিকাকে সিরিজে সমতায় ফেরান তিনি।
টেস্টে তার ইকোনমি রেট ১.৭৪। যা টেস্টে ষষ্ঠ সেরা ইকোনমি রেট। ওয়াটকিন্সের বিশিষ্ট ক্যারিয়ার রয়েছে নাটালে। ১৯৪৭-৪৭ থেকে ১৯৫৭-৫৮ মৌসুম পর্যন্ত ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৪.৮০ গড়ে ২১৫৮ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৯৬ উইকেট।