মোটরসাইকেল চুরির ঘটনায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ।
সোমবার দিবাগত রাতে মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, বিগত কয়েক মাস ধরে গোপালগঞ্জে বেশ কিছু মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
এতে বেশ কয়েকটি মামলা হয়। মামলা সূত্র ধরে ও প্রযুক্তি ব্যবহার করে মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় গোপালগঞ্জ সদর থানা-পুলিশ। অভিযানে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য নয়ন মোল্যা, মো. মিন্টু মিয়া, মো. ইমরুল হাসান ও মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদেরকে রাতেই গোপালগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে। গ্রেপ্তারকৃত চারজনের বাড়ি মাগুরা জেলার বিভিন্ন গ্রামে।