সারাদেশের মতো সাভার উপজেলার ১২টি ইউনিয়নে মঙ্গলবার সকাল ৯টা থেকে একযোগে কোভিড-১৯ দ্বিতীয় ডোজ গণটিকা দান কর্মসূচি শুরু হয়েছে।
গত ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, একই কেন্দ্রে আজ মঙ্গলবার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করছেন। প্রতিটি কেন্দ্রে গণটিকাদান চলবে একটানা বিকেল ৩টা পর্যন্ত।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, সাভারের ১২টি ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডে ১২টি কেন্দ্রে ৩টি করে মোট ৩৬টি বুথে ২৫ বছর বা তদূর্ধ্ব ২০০ জন করে মোট ৭২৯২ জনের শরীরে চীনের তৈরি সিনোফার্মের ২য় ডোজের টিকা প্রয়োগ করা হবে।
এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক ও নারীদের অগ্রাধিকার দেয়া হবে।
এ ছাড়া সাভার পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ১টি করে বুথ থাকবে প্রতিটি বুথের মাধ্যমে ২০০ জনের শরীরে টিকা প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
এদিকে গণটিকা দিতে প্রথম ডোজ দেওয়ার টিকা কার্ড ও টোকেন নিয়ে সকাল থেকেই টিকাদান কেন্দ্রের সামনে ভিড় করেন টিকা নিতে আসা লোকজন।
যে কারণে প্রতিটি টিকাদান কেন্দ্রে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে এ সময় টিকা প্রদানের গতি ধীর বলে অভিযোগ করেন অনেকে।