নারায়ণগঞ্জে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থেকে নিখোঁজের তিন দিন পর ইজিবাইক চালকের লাশ ফতুল্লার বক্তাবলী থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টায় বক্তাবলী ইউনিয়নের চর প্রসন্ন নগর এলাকার বাসুর ঘাটের কাছে ধইঞ্চাখেত থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের নাম নয়ন দাস (১৮)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার আব্দুল্লাহপুর গ্রামের শ্রী জয়ো দাসের ছেলে।

নিহতের বাবা শ্রী জয়ো দাস জানান, নয়ন দাস মুন্সিগঞ্জের গ্রামের বাড়ি আব্দুল্লাহপুর থেকে ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ইজিবাইক নিয়ে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ থাকায় সোমবার বিকেলে টঙ্গীবাড়ী থানায় গিয়েছি একটি জিডি করার জন্য।

কিন্তু টঙ্গীবাড়ী থানা-পুলিশ জিডি না নিয়ে তাদের কে বিদায় করে দেয় এবং বলে রাত পর্যন্ত খুঁজে সকালে থানায় যেতে জিডি নিবে।

পরে মঙ্গলবার সকালে লোক মুখে সংবাদ পেয়ে ফতুল্লায় এসে মৃত দেহ জলে ভাসতে দেখে শনাক্ত করি।

নিহতের স্বজনদের অভিযোগ অস্বীকার করে টঙ্গীবাড়ী থানার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, গত পরশুদিন (রবিবার) তিনি লোকমুখে শুনতে পেরেছেন নিখোঁজের বিষয়টি। তবে জিডি করতে বা নিখোঁজের বিষয়টি নিয়ে ওই পরিবারের কোনো সদস্য তার কাছে আসেননি।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে মুন্সিগঞ্জে ছিনতাইকারী চক্রের কবলে পড়েছে নয়ন। তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ ফতুল্লার সীমান্তবর্তী এলাকায় ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

তিনি বলেন, উদ্ধার করা মরদেহ ফুলে গেছে। তার বুকে একটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।