কিরগিজস্তানের বিপক্ষে বড় হার বাংলাদেশের

কিরগিজস্তানে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকদের বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ।

মঙ্গলবার দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে ৪-১ গোলে হার মানে জেমি ডের শিষ্যরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছিল জামাল ভূঁইয়ারা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৭ ধাপ এগিয়ে থাকা কিরগিজস্তান দুই অর্ধে দুটি করে গোল আদায় করে নেয়। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে একটি গোল পরিশোধ করতে পারলেও ম্যাচে ফিরতে পারেনি।

কিরগিজরা এগিয়ে যায় ম্যাচের দশম মিনিটে। গোল করেন এলদার মোল্দোঝুনুসোভ। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলিমার্ডন সুকুরোভ। বিরতির পর ম্যাচের ৪৬ মিনিটে স্বাগতিকদের পক্ষে ব্যবধান ৩-০ করেন রুস্তমোভ তুরসুনালি।

৫৩ মিনিটে মাহবুবুর রহমান সুফিলের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। তবে শেষ দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা বখতিয়ার দুইশবেকভ গোল পেলে কিরগিজস্তানের ৪-১ গোলের জয় নিশ্চিত হয়।

বৃহস্পতিবার কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই বাংলাদেশ খেলছে অক্টোবরে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে।