গোলটেবিল বৈঠকে মোশাররফ

দেশে গণতন্ত্র নেই বলে ইতিহাস বিকৃত করছে সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘যে জাতি তার সঠিক ইতিহাস জানে না সে জাতি কখনো টেকসই উন্নতি করতে পারে না। সে জাতি কখনো বিশ^ দরবারে সম্মানের জায়গা প্রতিষ্ঠিত হতে পারে না। দেশে গণতন্ত্র চর্চা নেই বলেই ইতিহাস বিকৃত করছে সরকার।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের আয়োজনে ‘ইতিহাস বিকৃতি, ঘৃণার চাষ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘দেশে সঠিক গণতন্ত্রের চর্চা থাকলে কোনো সরকার, কোনো দল অব্যাহতভাবে এভাবে ইতিহাস বিকৃত করতে পারত না। আজকে যারা ক্ষমতায় তারা গত ১২ বছর যাবৎ ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় টিকে থাকার জন্য অত্যন্ত নির্দয়ভাবে ইতিহাসকে বিকৃত করে চলেছে।’