এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন।
হ্যাঁ, ধোনিকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ভারত। তবে ক্রিকেটার হিসেবে নন। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আসরে বিরাট কোহলিদের মেন্টর হিসেবে থাকবেন ধোনি।
বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যদের চূড়ান্ত দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। এ সময় সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকবেন দেশটির ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ধোনি।
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপে মেন্টর হিসেবে থাকবেন।’
বিষয়টি বেশ চমক হিসেবেই এসেছে। জয় শাহ আরো বলেন, ‘আমি দুবাইয়ে তার (ধোনি) সঙ্গে কথা বলেছি। সে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মেন্টর হিসেবে থাকতে রাজি হয়েছে। আমি আমার সহকর্মীদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গেও কথা বলেছি। তারা সবাই এতে রাজি।’
২০১৯ বিশ্বকাপে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ধোনি। এরপর তার অবসর নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে গত বছর ১৫ আগস্ট সবাইকে কিছুটা চমকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন ধোনি।
তার অভিজ্ঞতা নিশ্চিতভাবেই বিশ্বকাপে ভারতীয় দলের জন্য সহায়ক হতে চলেছে। তার অধীনে ভারত আইসিসির সব মেজর টুর্নামেন্টে শিরোপা জিতেছে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ধোনির নেতৃত্বে শিরোপা জয় করে ভারত।
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। তবে ভারত সরাসরি খেলবে সুপার টুয়েলভে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিরাট কোহলিদের বিশ্বকাপ অভিযান। প্রথম ম্যাচে তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।
আরো পড়ুন