অ্যান্তোইন গ্রিজমানের জোড়ায় টানা চার ম্যাচ ড্রর পর জয়ের মুখ দেখেছে ফ্রান্স। মঙ্গলবার অলিম্পিক লিওঁর মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের দুই অর্ধে দুটি গোল করে আন্তর্জাতিক গোলসংখ্যায় কিংবদন্তির মিশেল প্লাতিনিকে ছুঁয়ে ফেলেন বার্সেলোনা থেকে ধারে আতলেতিকো মাদ্রিদে ফেরা এ ফরোয়ার্ড। ৭২ ম্যাচে ৪১ গোল করেছিলেন প্লাতিনি। সমান গোল করতে গ্রিজমানের লাগল ৯৮ ম্যাচ। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরিকে ধরতে আরও ১০ গোল চাই তার। প্লাতিনিকে গোলসংখ্যায় ধরতে পেরে আনন্দিত গ্রিজমান, ‘এটা অনেক গর্বের বিষয়। ২০১৪ সাল (ফ্রান্সের হয়ে অভিষেক) থেকেই নিজের সেরাটা নিংড়ে দিচ্ছি। সেটা গোল কিংবা রক্ষণের ক্ষেত্রেও। দলের পারফরম্যান্সে আমি আনন্দিত।’ এই জয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের শীর্ষে ফ্রান্স। দুইয়ে থাকা ইউক্রেনের সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে দিদিয়ের দেশমের দল। বাছাইপর্বে ফ্রান্সের পরবর্তী ম্যাচ ১৪ নভেম্বর কাজাখস্তানের সঙ্গে। তার আগে ৭ অক্টোবর বেলজিয়ামের সঙ্গে নেশন্স কাপের সেমিফাইনাল খেলবে তারা।
ডিপে-হালান্ডের হ্যাটট্রিক
২০১৮’র বিশ্বকাপ মিস করা নেদারল্যান্ডসের এবারের বাছাইপর্ব শুরু হয়েছিল ২৪ মার্চ তুরস্কের কাছে ২-৪ গোলের হার দিয়ে। সেই তুরস্ককে ফিরতি ম্যাচে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ডাচরা। জয়ের নায়ক মেম্ফিস ডিপে। জাতীয় দলের হয়ে ৭০তম ম্যাচ খেলতে নেমে প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি। আমস্টারডাম অ্যারেনায় প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল তুলে নেন তিনি। এর মধ্যে ৩৮ মিনিটে পেনাল্টি থেকে তার দ্বিতীয় গোলটি ছিল দর্শনীয়Ñ ‘পানেনকা’ শট। শেষ ১০ ম্যাচে এ নিয়ে ১২ গোল করে অরেঞ্জদের হয়ে ৭১ ম্যাচে গোলসংখ্যাকে ৩৩-এ তুললেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। পাশে বসলেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ এবং আবে লেনস্ত্রার। ক্রুইফ ৪৮, লেনস্ত্রা ৪৭ ম্যাচে ৩৩ গোল করেছিলেন। গর্ব অনুভব করলেও আরও এগিয়ে যেতে চান মেম্ফিস, ‘ক্রুইফ ও লেনস্ত্রা দুজনেই কিংবদন্তি। তাদের সঙ্গে তুলনা চলে না। নেদারল্যান্ডসের জন্য তারা অনেক করেছেন। তবে আমি আরও সাফল্য পেতে চাই, গোল করতে চাই। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ তিনে থাকতে চাই।’ ১০২ ম্যাচে ৫০ গোল নিয়ে ডাচদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রবিন ফন পার্সি। এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্টে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠল নেদারল্যান্ডস। নরওয়ে তাদের সমান ১৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে। ২২ গোল তাদের। আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে জিব্রাল্টারকে ৫-১ গোলে হারানো নরওয়ের গোল ১২।
মঙ্গলবারের অন্যান্য ম্যাচ : ‘এ’ গ্রুপে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। গোল করেন বার্নার্দো সিলভা, আন্দ্রে সিলভা ও ডিয়েগো জোতা। ইসরায়েলকে ৫-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারায় ক্রোয়েশিয়া।