দীর্ঘসময় ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গতকাল বুধবার ময়মনসিংহের দোকান মালিক সমিতি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় করা হয়েছে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল। চট্টগ্রামের আনোয়ারায় রুটিন করে চলছে এক ঘণ্টা লোডশেডিং এবং দুই ঘণ্টা বিদ্যুৎ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
আনোয়ারায় দুই ঘণ্টা বিদ্যুৎ, এক ঘণ্টা লোডশেডিং : ভ্যাপসা গরমের মধ্যে পাঁচ দিন ধরে রুটিন করে দুই ঘণ্টা বিদ্যুৎ আর এক ঘণ্টা লোডশেডিং চালাচ্ছে চট্টগ্রামের আনোয়ারার পল্লীবিদ্যুৎ। এ অবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে জনজীবনে। পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষও পড়েছে বেকায়দায়। তারা গ্রাহক অসন্তুষ্টির কারণে অভিযোগ কেন্দ্রের মোবাইল সংযোগ বন্ধ রেখেছে।
গত শুক্র, শনি ও সোমবার রাতে তিন দফায় টানা চার ঘণ্টা করে ১২ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল পুরো উপজেলা। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের গাছপালা কাটার জন্য প্রতিদিন এলাকাভিত্তিক পাঁচ-ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের ভাষ্যমতে, আনোয়ারা উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ৩০ মেগাওয়াট। কিন্তু পুরনো ৩৩ কেভি সঞ্চালন লাইনটি ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। যার ফলে ওভারলোড হয়ে প্রায় সময় সঞ্চালন লাইনের তার ছিঁড়ে যায়। এটি মেরামত করতে দীর্ঘ সময় লাগে।
পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ আরও জানায়, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট বন্ধ করার জন্য তিন মাস আগেই শাহমীরপুর গ্রিডে ১৫টি জিআইএস ব্রেকার স্থাপনের কাজ সম্পন্ন করা হয়। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে শাটডাউন না পাওয়ায় ব্রেকার কমিশনিংয়ের কাজ করতে বিলম্ব হচ্ছে। এ কারণে আনোয়ারা উপজেলা ও বাঁশখালীর গুনাগরী এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বেশি হচ্ছে।
চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-১ আনোয়ারা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল মুমিত চৌধুরী বলেন, ইতিমধ্যে গ্রিডে ১৫টি জিআইএস ব্রেকার স্থাপন করা হয়েছে। তবে পিডিবির অনুমতি না পাওয়ায় ব্রেকারগুলো চালু করা যাচ্ছে না। নতুন লাইনটি চালু হলে আনোয়ারায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
দীঘিনালায় বিক্ষোভ মিছিল : খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার সকালে মিছিলটি উপজেলার কবাখালী বাজার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা এক ঘণ্টা সড়ক অবরোধও করে। পরে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে গেলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
ময়মনসিংহে স্মারকলিপি : দিনে-রাতে একাধিকবার দীর্ঘসময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসায়িক ও সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল দুপুরে ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদ ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হকের কাছে স্মারকলিপি প্রদান করে। এ সময় ব্যবসায়ী নেতারা আগামী ১০ দিন অবস্থা পর্যবেক্ষণ করে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন। স্মারকলিপি পাঠ করেন ময়মনসিংহ মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।