লক্ষ্মীপুরে পৌরকর বাড়ানোর প্রতিবাদ

লক্ষ্মীপুর পৌরসভায় কর বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে লক্ষ্মীপুর পৌরবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মতলব, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এমনিতেই মহামারীর কারণে অনেক কষ্টে দিন কাটছে লক্ষ্মীপুর পৌরবাসীর। এর মধ্যে পৌরসভা অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়েছে।

এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন নাগরিকরা। এছাড়া কর পরিশোধ করেও যথাযথ নাগরিক সুবিধা পাওয়া যাচ্ছে না। এসব নিয়ে লক্ষ্মীপুর পৌরবাসীর রয়েছে চাপা ক্ষোভ। সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পৌরকর নির্ধারণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ফেস্টুন তুলে ধরেন।