ইতালির রোম সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হলেন সাংবাদিক জুমানা

বাংলাদেশি বংশোদ্ভূত দ্বিতীয় প্রজন্মের ইতালি নাগরিক জুমানা মাহমুদ দেশটির মূল ধারার রাজনীতিতে যুক্ত হয়েছেন। অক্টোবরের শুরুতে অনুষ্ঠিতব্য রোম সিটি করপোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন।  

৭ নম্বর মিউনিসিপিওর কাউন্সিলর ছাড়াও যেকোনো মিউনিসিপিও থেকে রোম সিটির কাউন্সিলর পদে জুমানা মাহমুদকে ভোট দেওয়া যাবে। 

ঢাকায় জন্ম নেয়া জুমানা মাহমুদ ২০০৭ সাল থেকে ইংল্যান্ডভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে একাধিক টেলিভিশনে কাজ করার পর বর্তমানে তিনি বাংলাদেশের একটি বাংলাদেশি বেসরকারি টেলিভিশনের ইতালি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ইতালির তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী জুমানা মাহমুদ জানান, এখানে প্রবাসী বাংলাদেশিদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরতে এই নির্বাচনে অংশ নিয়েছেন। 

তিনি বলেন, ইতালিতে এ প্রথম কোনো বাংলাদেশি নারী সাংবাদিক রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছে। নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট পেলে আমি ইতিহাস সৃষ্টি করতে পারব। 

তিনি আরো বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে এবং ইমিগ্রেশন সমস্যার সমাধানে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

তার বাবা হাসান মাহমুদও ব্যবসার পাশাপাশি সাংবাদিকতায় জড়িত।